গ্রিস ভ্রমণের ভিসা আবেদন এখন ঢাকাতেই: কমছে ভোগান্তি ও ব্যয়
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তাঃ৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ইউরোপের দেশ গ্রিসে গমনাগচ্ছুক বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণে তৈরি হয়েছে স্বস্তির সুযোগ। এখন আর গ্রিসের ভিসার আবেদন ও বায়োমেট্রিক জমা দিতে ভারতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না; রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত নির্ধারিত ভিসা আবেদনকেন্দ্র থেকেই এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে।
কূটনৈতিক ও কনস্যুলার সেবার অংশ হিসেবে গ্রিস দূতাবাসের অনুমোদিত এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার ‘গ্লোবাল ভিসা সেন্টার ওয়ার্ল্ড’ (Global Visa Center World - GVCW) বাংলাদেশে এই আবেদন গ্রহণ কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে মূলত স্বল্পমেয়াদি শেনজেন ভিসা (Type-C)-এর জন্য ঢাকা কেন্দ্র থেকে আবেদন নেওয়া হচ্ছে। এই ভিসার অধীনে পর্যটন, ব্যবসায়িক কার্যক্রম, পরিবার বা পরিচিতদের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন সংক্ষিপ্ত মেয়াদের প্রয়োজনে শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করা যায়। শেনজেন নিয়ম অনুযায়ী, অনুমোদিত ব্যক্তিরা যেকোনো ১৮০ দিনের মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের ৮ম তলায় (৫১/বি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩) এই ভিসা আবেদনকেন্দ্রটির কার্যক্রম চলছে।
আবেদনকারীদের সরাসরি কেন্দ্রে যাওয়ার পূর্বে GVCW-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। নির্ধারিত তারিখে প্রয়োজনীয় নথিপত্রসহ কেন্দ্রে উপস্থিত হয়ে পাসপোর্ট ও আবেদনপত্র জমা এবং বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও ছবি) দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ঢাকায় আবেদন ও বায়োমেট্রিক নেওয়া হলেও ভিসার যাবতীয় যাচাই-বাছাই ও চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার নয়াদিল্লিস্থ গ্রিস দূতাবাসের কনস্যুলার বিভাগের হাতে। ঢাকায় জমা হওয়া আবেদন ও পাসপোর্ট কূটনৈতিক প্রক্রিয়ায় নয়াদিল্লিতে পাঠানো হয়। এছাড়া প্রয়োজনবোধে কনস্যুলার কর্তৃপক্ষ আবেদনকারীকে সরাসরি বা অনলাইনে সাক্ষাৎকারের জন্যও ডাকতে পারে। ফলে আবেদন ঢাকায় জমা দেওয়ার সুযোগ তৈরি হলেও ভিসার চূড়ান্ত মঞ্জুরি নির্ভর করবে দূতাবাসের মূল্যায়ন ও সিদ্ধান্তের ওপর।
শেনজেন বিধিমালার আলোকে ভ্রমণের সম্ভাব্য তারিখের সর্বোচ্চ ছয় মাস আগে আবেদন দাখিল করা যায়। সাধারণ প্রক্রিয়াকরণে সাধারণত ১৫ কার্যদিবস সময়ের প্রয়োজন হলেও বিশেষ যাচাই কিংবা সাক্ষাৎকারের ক্ষেত্রে তা সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত গড়াতে পারে। ঢাকা থেকে নয়াদিল্লি পাসপোর্ট আদান-প্রদানের পরিবহন সময়ও আবেদনকারীদের হিসাবে রাখা প্রয়োজন।
ভিসা বিশেষজ্ঞদের মতে, ঢাকায় আবেদনকেন্দ্র চালু হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে গিয়ে ভিসা জমা দেওয়ার দীর্ঘদিনের আর্থিক ব্যয়, যাতায়াতের জটিলতা ও ভারতীয় ট্রানজিট/ট্যুরিস্ট ভিসার অতিরিক্ত ভোগান্তি দূর হয়েছে। তবে আবেদন অনুমোদনের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতার যথাযথ প্রমাণ, ভ্রমণের সুনির্দিষ্ট উদ্দেশ্য ও বৈধ নথিপত্র যথাযথভাবে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।