জিনপিংয়েরআদালতবার্তা ডেস্ক | নয়াদিল্লি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের (BRICS) শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্বজুড়ে আধিপত্যবাদ, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে, ক্ষমতার পুরোনো কাঠামো ভেঙে সমঅধিকারের ভিত্তিতে নতুন বিশ্বব্যবস্থা গড়ার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফরাসি বার্তা সংস্থা এএফপি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্মেলনে দেওয়া সরাসরি বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বনেতাদের প্রতি স্পষ্ট আহ্বান জানান। তিনি বলেন, অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কোনো কারণ দেখিয়েই কোনো দেশের বাণিজ্য আটকে রাখা যাবে না। বিশ্বজুড়ে ক্ষমতার জোরে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না মেনে সবাইকে এক হয়ে ব্যবসা ও আলোচনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন তিনি।
মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেন শি জিনপিং। চলমান যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পুরো বিশ্বের জন্যই মারাত্মক ক্ষতিকর। এটি কোনো সমাধান বয়ে আনছে না, বরং সাধারণ মানুষের জীবনকে কেবল ধ্বংসের পথেই ঠেলে দিচ্ছে। এই সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন তিনি।
সব দেশকে এক সুতোয় বাঁধার রূপকল্প তুলে ধরে সম্মেলনের সূচনাতেই জোরদার বক্তব্য রাখেন আয়োজক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকসের শক্তিমত্তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "বিশ্বের অর্ধেক মানুষ ও ৪০ শতাংশ অর্থনীতি এখন আমাদের হাতে।"
ক্ষমতার পুরোনো নিয়ম ও মেরুকরণ ভেঙে নতুন এক বিশ্বব্যবস্থা তৈরির আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, "আমাদের এমন এক বিশ্ব বানাতে হবে, যেখানে ছোট-বড় সব দেশের সমান অধিকার ও মর্যাদা থাকবে।"
(সূত্র: এএফপি)