নগর উন্নয়নে আইন সংস্কারে উচ্চপর্যায়ের কমিটি: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী
নিউজ ডেস্ক, আদালত বার্তা
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬
রাজধানী ঢাকার ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংক্রান্ত বিদ্যমান আইন-বিধিমালাকে যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে আইনি কাঠামো আরও শক্তিশালী করতে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
কমিটি বিদ্যমান আইনসমূহ গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরি করবে, যাতে ঢাকা মহানগরের ইমারত বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করা যায়। প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।