নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ২১ সেপ্টেম্বর ২০২৬
নড়াইল জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন আসামি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত সড়কের এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে রামদা, চাপাতি ও গাছি দাসহ তাদের হাতেনাতে আটক করে সদর থানা-পুলিশ। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল এলাকায় আসামিদের এমন অস্ত্র বহনের ঘটনায় উপস্থিত বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আটককৃত ১১ ব্যক্তি একটি চলমান মামলায় রোববার আদালতে হাজিরা দিতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়ানোর আগে তারা আদালত চত্বরে অবস্থিত এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা-পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। তল্লাশিকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একাধিক রামদা, চাপাতি ও গাছি দা।
আটককৃত ব্যক্তিরা হলেন— কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়েবুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।