বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কোর্স
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। দেশটির ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) কর্মসূচির আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দরাবাদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত সাংবাদিকদের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে সাত দিনব্যাপী এই কোর্সটি পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য এবং জ্বালানি বিটে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কোর্সটি সাজানো হয়েছে। প্রশিক্ষণে কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হবে।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ থাকছে। এর অংশ হিসেবে তারা হায়দরাবাদের আইটি হাব 'হাইটেক সিটি' পরিদর্শন, স্থানীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। কোর্স শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হবে।
হাইকমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই কোর্সে মনোনীত সাংবাদিকদের ঢাকা থেকে যাতায়াতের
বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, আবাসন ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাপন ভাতাসহ সম্পূর্ণ ব্যয়ভার ভারত সরকার বহন করবে।