মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক, আদালত বার্তা | ১৩ সেপ্টেম্বর ২০২৬
দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট দিয়ে তাকে পরাজিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীকে দলের সব নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, কোনো নেতা ব্যক্তিগতভাবে কারও কাছে অত্যন্ত প্রিয় হতে পারেন। তবে সেই ব্যক্তিগত পছন্দের কারণে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাকে পরাজিত করার চেষ্টা করলে তা দল মেনে নেবে না।
আইনমন্ত্রী বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে, তার দায়িত্ব হলো সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা। শুধু মনোনয়ন পেয়েছি বলেই ‘আমিই সব, অন্যরা কেউ নন’—এমন মানসিকতাও গ্রহণযোগ্য নয়। দলের স্বার্থে মনোনীত প্রার্থীকে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান
নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, সবার কথা শোনা হবে। তবে কথা বলার সুযোগ পাওয়া মানে অন্য কাউকে গালিগালাজ বা অসম্মান করার সুযোগ নয়। বক্তব্য দেওয়ার সময় দলের ঐক্য ও সাংগঠনিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে এবং দলকে কীভাবে আরও শক্তিশালী ও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টি মাথায় রাখতে হবে।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্যসচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় আইনমন্ত্রীর কর্মসূচি
এর আগে সাতক্ষীরায় পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে আইনমন্ত্রীর।
এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এ ছাড়া বিকেল ৩টায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য,
সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।