সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তাঃ৯ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। এ লক্ষ্যে পুলিশ বাহিনীকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সক্ষমতা ও পেশাদারিত্বের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সাংবিধানিক ও আইনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, তেমনি এ ক্ষেত্রে পুলিশেরও সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। কমিশন থেকে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশও আমাদের আশ্বস্ত করেছে যে, একটি গ্রহণযোগ্য (ক্রেডিবল) নির্বাচনের জন্য তারা সর্বাত্মক কাজ করবে।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন কতটুকু সম্ভব—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ত্রয়োদশ নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান অবস্থা তার চেয়ে কোনো অংশে খারাপ নয়। তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকিরও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দলীয় সরকারের অধীনে পুলিশ কতটা চাপমুক্ত ও স্বাধীনভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সরকার দলীয় হলেও এটি একটি গণতান্ত্রিক সরকার।’
আইজিপি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, গত ছয় মাসে পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়ে জানতে চাইলে আইজিপি দাবি করেন, ‘আমি মনে করি, এ ক্ষেত্রে আমাদের সাফল্য শতভাগ।’
সংশ্লিষ্টরা জানান, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাঠে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও আইনি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই রাজারবাগে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।