স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৮ অক্টোবর ২০২৬। 
ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন ও বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত এই দুই ধরনের আবেদনই আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দাখিল করা যাবে।
শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এতে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে যাবতীয় কার্যক্রম নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রমটি সার্বিক তদারকির দায়িত্ব অর্পণ করা হয়েছে।
কার্যক্রম ও সময়সূচি
ভোটার হওয়ার যোগ্যতা ও বয়সসীমা
আইনি বিধান অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের ভিত্তিমূল তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৬। সে অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাঁদের জন্ম, তাঁদের মধ্যে যাঁরা ৩১ অক্টোবরের মধ্যে ডেটাবেইসে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের তথ্য হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রচার ও ত্রুটি সংশোধনে কঠোর নির্দেশনা
খসড়া তালিকা প্রকাশের পর সর্বসাধারণ যাতে তা যাচাই করতে পারেন, সে লক্ষ্যে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ঘোষণা, স্থানীয় গণমাধ্যম ও কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রচারণা চালাতে বলা হয়েছে।
বিশেষ করে খসড়া তালিকায় নাম, জেন্ডার (পুরুষের তালিকায় নারী বা নারীর তালিকায় পুরুষ ভোটার হওয়া), ধর্ম পরিচয় বা বানানজনিত যেকোনো ধরনের ভুল শনাক্ত হলে তা দ্রুত সংশোধনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর অংশ হিসেবেই সময়াবদ্ধ এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়েছে।