১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার
আন্তর্জাতিক ডেস্ক, আদালত বার্তাঃ৯ অক্টোবর ২০২৬ 
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাসদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা (মেজর) নিদাল হাসানের দণ্ড অবশেষে কার্যকর হতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে (গুলি করে) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নজিরবিহীনভাবে এই দণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
মামলার বিবরণী ও পেন্টাগন সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সতীর্থ ও নিরস্ত্র মার্কিন সেনাদের ওপর অতর্কিত বন্দুক হামলা চালান তৎকালীন মেজর নিদাল হাসান। এই নারকীয় হত্যাযজ্ঞে ১৩ জন সেনাসদস্য প্রাণ হারান। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও বিচারকাজ শেষে সামরিক আদালতে নিদাল হাসানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
গত সপ্তাহে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে নিদালের এই মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত ঘোষণা দেয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনা করে নিদালের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সাধারণ মানুষ যেন সরাসরি দেখতে পান, সে জন্য তা পর্দায় সম্প্রচার করা হবে।
মার্কিন সামরিক বিচারব্যবস্থার ইতিহাসে এই রায় কার্যকরের বিষয়টি একটি ঐতিহাসিক ও বিরল ঘটনা হিসেবে রেকর্ড হতে যাচ্ছে। জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হতে চলেছে। শুধু তাই নয়, দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনাও এটি।