
ফৌজদারি আইনচর্চায় নবীন আইনজীবীদের দক্ষতা অর্জন: করণীয় ও পেশাগত দিকনির্দেশনা
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ৫ মে ২০২৬
আইন পেশা একটি জ্ঞাননির্ভর ও দায়িত্বশীল পেশা। বিশেষ করে ফৌজদারি আইনচর্চা (Criminal Practice) এমন এক ক্ষেত্র, যেখানে দক্ষতা, প্রজ্ঞা, সততা ও নিয়মিত অধ্যবসায়ের সমন্বয় অপরিহার্য। নবীন বা জুনিয়র আইনজীবীদের জন্য সঠিক দিকনির্দেশনা ও পেশাগত অনুশীলনই ভবিষ্যৎ সফলতার ভিত্তি গড়ে দেয়। এ প্রেক্ষাপটে অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শের আলোকে ফৌজদারি মামলায় দক্ষতা অর্জনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় বিষয় তুলে ধরা হলো।
প্রথমত, আইনজীবীদের নিয়মিত আইন বিষয়ক সাময়িকী ও
লজার্নাল পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। বিচারিক সিদ্ধান্ত, নীতি ও আইনের ব্যাখ্যা সম্পর্কে আপডেট থাকতে এ ধরনের জার্নাল অপরিহার্য সহায়ক হিসেবে কাজ করে।
দ্বিতীয়ত, ফৌজদারি আইনচর্চার মূল ভিত্তি হিসেবে দণ্ডবিধি(Penal Code), ফৌজদারি কার্যবিধি (CrPC), তামাদি আইন (Limitation Act) এবং সাক্ষ্য আইন (Evidence Act) গভীরভাবে অধ্যয়ন করা আবশ্যক। এসব আইনকে কেবল পাঠ্যবই হিসেবে নয়, বরং পেশাগত জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আত্মস্থ করতে হবে।
তৃতীয়ত, নিয়মিত আদালতে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করা একজন জুনিয়র আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনিয়র আইনজীবীদের যুক্তিতর্ক, মামলার উপস্থাপন পদ্ধতি এবং বিচারকের প্রশ্ন ও পর্যবেক্ষণ মনোযোগ সহকারে অনুধাবন করলে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়, যা বইপত্র থেকে পাওয়া সম্ভব নয়।
চতুর্থত, সিনিয়র আইনজীবীর তত্ত্বাবধানে থেকে চেম্বারে মামলার নথিপত্র অধ্যয়ন করা প্রয়োজন। এতে মামলা বিশ্লেষণ, আইনি কৌশল নির্ধারণ এবং যুক্তি উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি পায়।
পঞ্চমত, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া আদালতে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতিটি মামলার শুনানির পূর্বে সংশ্লিষ্ট আইন, নজির ও তথ্যসমূহ সুস্পষ্টভাবে প্রস্তুত রাখা জরুরি। একইসঙ্গে শুনানির সময় প্রয়োজনীয় আইনগ্রন্থ সঙ্গে রাখা পেশাগত দায়িত্বের অংশ।
ষষ্ঠত, আদালতের প্রতি সর্বোচ্চ সততা ও সম্মান বজায় রাখা অপরিহার্য। কোনো অবস্থাতেই আদালতকে বিভ্রান্ত (mislead) করার চেষ্টা করা উচিত নয়, কারণ এটি শুধু পেশাগত নীতির পরিপন্থী নয়, বরং আইনগতভাবেও দণ্ডনীয়।
সপ্তমত, মামলার উপস্থাপনায় সংক্ষিপ্ততা, স্বচ্ছতা ও সরলতা
বজায় রাখা উচিত। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বক্তব্য পরিহার করে সরাসরি ও সহজ ভাষায় বিষয়বস্তু উপস্থাপন করাই একজন দক্ষ আইনজীবীর পরিচায়ক।
সর্বোপরি বলা যায়, একজন সফল ফৌজদারি আইনজীবী হতে হলে কেবল আইনের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং প্রয়োজন নিয়মিত চর্চা, বাস্তব অভিজ্ঞতা, নৈতিকতা ও পেশাগত সততা। নবীন আইনজীবীরা যদি এসব নির্দেশনা অনুসরণ করেন, তবে তারা অদূর ভবিষ্যতে দক্ষ ও যোগ্য আইনজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।