
বদলি ইস্যুতে অনিশ্চয়তা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও মিলল না সিদ্ধান্ত
নিউজ ডেস্ক, আদালত বার্তা | ৬ আগস্ট ২০২৭
শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি নীতিমালা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও শিক্ষকদের বদলি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলে জানা গেছে। এতে শিক্ষক সমাজে নতুন করে হতাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের রুদ্ধদ্বার বৈঠকটি ছিল শিক্ষা ব্যবস্থার চলমান বিভিন্ন সংকট ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে। তবে বৈঠকের এজেন্ডায় থাকলেও প্রস্তুতির ঘাটতির কারণে শিক্ষকদের বদলি ইস্যুটি আলোচনায় আসেনি—এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র।
সূত্র জানায়, বৈঠকে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, অবসর সুবিধা বোর্ডের কাঠামো ও কার্যক্রম, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়সহ শিক্ষা খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল বিষয়—শিক্ষকদের বদলি—আলোচনার বাইরে থেকে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রস্তাবটি এখনো পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়নি। এজন্য বিষয়টি বৈঠকে উপস্থাপন করা সম্ভব হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং প্রস্তুতি সম্পন্ন হলে এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।”
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলি নীতিমালা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও নানা প্রশাসনিক জটিলতা, তথ্য-প্রযুক্তিগত প্রস্তুতির অভাব এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে বিলম্বের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। বিশেষ করে অনলাইন বদলি ব্যবস্থার প্রবর্তন, শিক্ষক সংকট ও বিষয়ভিত্তিক ভারসাম্য রক্ষা—এই বিষয়গুলো এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, একটি স্বচ্ছ, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর বদলি নীতিমালা না থাকায় শিক্ষকরা দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকছেন, যা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে, দুর্গম বা অনগ্রসর অঞ্চলে শিক্ষক সংকট তীব্র হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
শিক্ষকদের বদলি ইস্যুটি দ্রুত সমাধান হবে—এমন আশ্বাস অতীতেও দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। শিক্ষা খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি দ্রুত নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব দিয়ে সমাধান না করলে এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে শিক্ষার মানে পড়তে পারে।