
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
আদালতবার্তা প্রতিবেদক:২ অক্টোবর ২০২৬।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজের একাধিক দায়িত্বশীল সাংবাদিক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লন্ডনের একটি স্থানীয় হোটেলে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে হোটেল কর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ, বয়স এবং শেষ সময়কার অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদী এক পরিচিত নাম। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বেই ২০০৬ সালে নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ দেশের প্রথম সার্বক্ষণিক ইন্টারনেট সংবাদ প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করে। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিডিনিউজে যুক্ত হওয়ার আগে তিনি বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসি-তে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে তিনি প্রশিক্ষণও গ্রহণ করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—গণমাধ্যমের এই তিন মাধ্যমেই সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তাঁর। তিনি ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বহুমুখী ধারায় সাংবাদিকতা করেছেন।
ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তৌফিক ইমরোজ খালিদীকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার’-এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে।