বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
যে কারণে পদত্যাগ করতে হচ্ছে রাষ্ট্রপতিকে, জানা গেল কারণ এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর

অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক আদালত ধরতে সক্ষম : আপিল বিভাগ।

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক আদালত ধরতে সক্ষম : আপিল বিভাগ।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৬ জুন ২০২৪
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের ধরতে আদালত যথেষ্ট সক্ষম। এটি ভুলে যাওয়া উচিত নয় যে, অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, অন্যায়কারীদের ধরতে আদালতের হাত যথেষ্ট দীর্ঘ।

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে অব্যাহতির পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ এ পর্যবেক্ষণ দিয়েছেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ ঘোষিত এ রায় মঙ্গলবার (২৫ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আপিল বিভাগ বিচারক সোহেল রানাকে কঠোরভাবে ভর্ৎসনা করেছেন এবং ভবিষ্যতে তিনি যেন আদালত অবমাননার পুনরাবৃত্তি না করেন সে বিষয়ে সতর্ক করে দিয়ে তাকে ক্ষমা করে দেন।

আদালত বলেছেন, আমাদের প্রত্যাশা যে, এই ঘটনাটি সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য একটি পাঠ হিসেবে কাজ করবে। বিচার বিভাগের মর্যাদা ও কর্তৃত্বকে সর্বদা সম্মান ও সমুন্নত রাখতে হবে।

পর্যবেক্ষণে তাকে অব্যাহতি দেয়ার কারণ প্রসঙ্গে বলা হয়েছে, যেহেতু এটি সোহেল রানার প্রথম অপরাধ এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সুপ্রিম কোর্টের কোন আদেশ অমান্য করে তিনি কোন কাজ করবেন না। তবে তার আচরণের বিষয়ে তাকে গুরুতরভাবে নিন্দা ও সতর্ক করেছি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সোহেল রানার সাজার রায়ের বিরুদ্ধে আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে সাজা থেকে অব্যাহতি দেন সর্বোচ্চ আদালত।

তার আগে গত ৬ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে মো. সোহেল রানার সাজার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। তার আগের দিন আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন সোহেল রানা। ক্ষমার আবেদনে তিনি বলেন, আমাকে ক্ষমা করে সাজা থেকে অব্যাহতি দিয়ে একজন ভালো বিচারক হওয়ার সুযোগ দিন।

বিচারকের আদালত অবমাননার প্রেক্ষাপট
মামলার নথি থেকে জানা যায়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামুন চৌধুরী ও রিয়া আক্তার দম্পতির বিরুদ্ধে ২০১৭ সালের ২৭ মার্চ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে মামুন-রিয়া দম্পতির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৪ নভেম্বর হাইকোর্ট রুল দেন। একইসঙ্গে মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

২০১৯ সালের ৬ মার্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এ স্থগিতাদেশ সত্ত্বেও কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা গত ১০ এপ্রিল সংশ্লিষ্ট মামলায় অভিযোগ গঠন করেন।

উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে মামলার কার্যক্রম চালানো এবং অভিযোগ গঠন করায় বিচারক সোহেল রানার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেন আসামি মামুন চৌধুরী।

গত ১৪ আগস্ট হাইকোর্ট এক আদেশে বিচারক সোহেল রানাকে তলব করেন। উচ্চ আদালতের আদেশ অমান্য করার বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে ২১ আগস্ট তাকে হাইকোর্টে হাজির হতে বলা হয়। ধার্য তারিখে তিনি হাইকোর্টে হাজির হন। পরবর্তী সময়ে জবাব দাখিল করেন। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২৮ আগস্ট সোহেল রানার প্রতি আদালত অবমাননার স্বপ্রণোদিত রুল দেন হাইকোর্ট। পাশাপাশি ৯ অক্টোবর তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews