একের পর এক জামিন জালিয়াতি ও অনিয়ম : কঠোর অবস্থানে হাইকোর্ট
আদালত বার্তা প্রতিবেদকঃ১৫ নভেম্বর ২০২৬
উচ্চ আদালতে একের পর এক জামিন জালিয়াতি, তথ্য গোপন এবং অনিয়মের ঘটনা সামনে আসায় কঠোর অবস্থান নিয়েছেন হাইকোর্ট। তথ্য গোপন করে একই মামলায় একাধিকবার আগাম জামিন নেওয়া, একই আদেশের বিরুদ্ধে পৃথক বেঞ্চে জামিন আবেদন কিংবা আদেশ জালিয়াতি করে কারাগার থেকে আসামি মুক্ত করার মতো গুরুতর ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট আইনজীবী ও আসামিদের বিরুদ্ধে শাস্তিমূলক ও তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
সাম্প্রতিক এসব ঘটনায় হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ মোট ১১ জনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন এবং তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপর এক ঘটনায় দুই আইনজীবীকে তলব এবং ১৮টি মামলার অনিয়ম তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
তথ্য গোপন করে পৃথক বেঞ্চে আবেদন, ১১ জনকে শোকজ
রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় নিম্ন আদালতের একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে হাইকোর্টের তিনটি পৃথক বেঞ্চে আবেদন করার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছেন আদালত। গত ৪ নভেম্বর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ঘটনায় পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারকসহ মোট ১১ জনকে শোকজ করেন এবং ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলেন।
শোকজ পাওয়া তিন আইনজীবী—অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিনকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত পাঁচ আসামি কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না বলে আদেশ দেন আদালত।
সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন হানিফ জানান, তিনটি আবেদন একত্রে শুনানির জন্য তালিকাভুক্ত হলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। আদালত তার পর্যবেক্ষণে বলেন, বিচারপ্রার্থীদের অত্যন্ত সততা ও স্বচ্ছতার সঙ্গে সব তথ্য প্রকাশ করে আদালতের দ্বারস্থ হওয়া অপরিহার্য। অন্য বেঞ্চে আবেদনের তথ্য গোপন রেখে সমান্তরালভাবে একাধিক আবেদন দায়ের কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একই মামলায় তিনবার আগাম জামিন, দুই আইনজীবীকে তলব
একই মামলায় তথ্য গোপন করে এক আসামির তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায় তানিয়া সুলতানা ও মিজানুর রহমান নামে দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। গত ৫ নভেম্বর বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আগামী রোববার তাদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান জানান, আইন অনুযায়ী একজন আসামি একটি মামলায় একবারই আগাম জামিন নিতে পারেন, কিন্তু এখানে তথ্য গোপন করে তিনবার আগাম জামিন নেওয়া হয়েছে।
কুকি-চিনের পোশাক জব্দের মামলায় আদেশ জালিয়াতি, তদন্তের নির্দেশ
উচ্চ আদালতে জালিয়াতির সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে কুকি-চিনের সদস্যদের জন্য তৈরি করা ২০ হাজার ৩০০টি পোশাক জব্দের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায়। অভিযোগ রয়েছে, তথ্য গোপন করে জামিন নেওয়ার পর দুই বিচারপতির স্বাক্ষরসংবলিত জামিন আদেশ পরিবর্তন করে নতুন মামলার নম্বর ও থানার নাম বসিয়ে জালিয়াতি করা হয়। ওই ভুয়া আদেশ কারাগারে দাখিল করে চট্টগ্রামের রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম মুক্তি পান।
ঘটনাটি প্রায় সাত মাস আগে ঘটলেও সম্প্রতি মামলার অপর এক আসামির জামিন শুনানিতে বিষয়টি প্রকাশ্যে আসে। অ্যাটর্নি জেনারেল বিষয়টি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নজরে আনলে তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।
জিরো টলারেন্স অবস্থানে রাষ্ট্রপক্ষ
আদালতকেন্দ্রিক সব ধরনের জালিয়াতি, নোট বাণিজ্য ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, “যেকোনো ধরনের জালিয়াতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে উচ্চ আদালত যেমন কঠোর অবস্থানে, তেমনি রাষ্ট্রপক্ষ থেকেও আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আইন কর্মকর্তারাই এখন এসব অনিয়ম ধরে দিচ্ছেন এবং আদালত কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে একজনকে থানায় পর্যন্ত সোপর্দ করা হয়েছে।”
এদিকে সাধারণ আইনজীবীদের অভিমত, আদালতের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ ছাড়া এ ধরনের আদেশ জালিয়াতি সম্ভব কি না, তা গভীরভাবে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।