কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
আদালত প্রতিবেদক:২৯ অক্টোবর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং তাদের অর্ধেকেরও বেশি সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—
১. সদর উদ্দিন খান (সাবেক চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা পরিষদ ও সভাপতি, জেলা আওয়ামী লীগ)
২. আসগর আলী (সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ)
৩. আতাউর রহমান আতা (সাধারণ সম্পাদক, কুষ্টিয়া পৌর আওয়ামী লীগ)
রায় ঘোষণার সময় কাঠগড়ায় কোনো আসামি উপস্থিত ছিলেন না; মামলার চারজনই পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রেখে দ্রুত সাজা কার্যকরের নির্দেশ দিয়েছেন।