তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা
একই বিষয়ে বারবার রিট দায়ের এবং পূর্ববর্তী মামলার তথ্য আদালতের কাছে গোপন করার অভিযোগে এক রিটকারী এবং তার আইনজীবীকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুনানিকালে এই জরিমানার আদেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে রিটকারী মো. নুর আলম এবং তার আইনজীবী সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একাধিক রিট মামলা দায়ের করেন মোহাম্মদ নুর আলম। তবে একই বিষয়ে একাধিক মামলা দায়ের করলেও, রিট দায়েরের ক্ষেত্রে তিনি পূর্ববর্তী মামলার তথ্য গোপন করেন।
শুনানিতে একই বিষয়ে একাধিক রিট দায়ের এবং আদালতের কাছে তথ্য গোপনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উঠে আসে। তথ্য গোপন করে আদালতের সময় নষ্ট করা এবং বিচার প্রক্রিয়ার অপব্যবহারের কারণে আদালত ক্ষুব্ধ হয়ে রিটকারী ও তার আইনজীবীর বিরুদ্ধে এই জরিমানার আদেশ প্রদান করেন।
আইন সংশ্লিষ্টরা মনে করছেন, আদালতের এই আদেশ আগামীতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আইনের অপব্যবহার রোধে এবং আরও সতর্ক ও দায়িত্বশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।