বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ জুলাই ২০২৬,
বাগেরহাটে ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বাগেরহাট শহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি মারা যান।
নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় চেম্বারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে তার মোটরসাইকেল গতিরোধ করে তার উপর হামলার চেষ্টা করলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে
যায়।
তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে, আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, দুই মাস আগে দুর্ঘটনায় এই আইনজীবী তার বাবাকে হারান। এর আগে মা ও স্ত্রীকে হারান। তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে।