মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ও একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা: ২০ সেপ্টেম্বর ২০২৬
একদিকে মিলনায়তনের ভেতরে ভেসে আসছিল কবিতা ও গানের সুর, অন্যদিকে বাইরে ক্যানভাসে ফুটে উঠছিল পথের ক্লান্তি, ঘরছাড়ার যন্ত্রণা আর বেঁচে থাকার আকুতি। একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতিকে ঘিরে এমনই এক আবেগঘন বিকেলের সাক্ষী হলো রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাদুঘর মিলনায়তনে ‘স্মৃতি ’৭১’-এর উদ্যোগে আয়োজিত হয় স্মারক অনুষ্ঠান ‘৭১-এর শরণার্থী জীবন’ ও ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিন্নাত আরা হক। এরপর একাত্তরের শরণার্থী সংকট এবং মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন ফারুক এইচ খান।
১৯৭১ সালে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া লাখো শরণার্থীর দুর্বিষহ জীবন, ক্ষুধা, অসুস্থতা আর অনিশ্চয়তার ছবি দেখে গিন্সবার্গ ১৫২ লাইনের এই কবিতাটি রচনা করেছিলেন, যা পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শরণার্থী সংকটের আন্তর্জাতিক স্মৃতির অন্যতম দলিল হয়ে ওঠে।
অনুষ্ঠানে এই কবিতা থেকে নির্বাচিত অংশ আবৃত্তি করেন মুস্তাক আহমেদ ও নাজনিন পাপ্পু। কবিতাকে কেন্দ্র করে শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া বহুল পরিচিত গানটি কণ্ঠে ধারণ করেন নবনিতা হাবিব চৌধুরি। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মিত প্রামাণ্যচিত্র ‘একাত্তরের শরণার্থী’ প্রদর্শিত হয়।
এই আয়োজনে আরও ছিল— শরণার্থীদের প্রত্যক্ষ স্মৃতিচারণ,এর মধ্যে ভাস্বর বন্দ্যোপাধ্যায় সেই সময়কার প্রত্যক্ষকরা শরণার্থী কি হিসাবে জীবন্ত চিত্র তুলে ধরেন তা ছাড়া ১৯৭১-এর ৭১টি ঐতিহাসিক আলোকচিত্রের প্রদর্শনী, ছবি আঁকা এবং মুক্তিযুদ্ধের সময় গাওয়া গানের পরিবেশন করেন শাহীন সামাদ।
আবৃত্তি, গান, প্রামাণ্যচিত্র, প্রত্যক্ষ বয়ান ও চিত্রকলার এই অপূর্ব সমন্বয় একাত্তরের শরণার্থী সংকটকে কেবল অতীত ইতিহাস হিসেবে নয়, বরং মানুষের জীবন্ত স্মৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখার একটি চমৎকার পরিসর তৈরি করে। ‘স্মৃতি ’৭১’-এর এই আয়োজন ইতিহাসের কাছে ফিরে গিয়ে একাত্তরের শরণার্থীদের জীবন, কণ্ঠ ও মানবিক বিপর্যয়ের স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক অনন্য প্রয়াস।