রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা, ঢাকা:৪অক্টোবর ২০২৬ 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এক দিনের রিমান্ড শেষে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ।
আজ রোববার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আদালতে এই আবেদন দাখিল করেন।
আদালতে দেওয়া পুলিশি আবেদনে বলা হয়, এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হচ্ছে। রিমান্ড চলাকালে মামলার ঘটনার বিষয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য দিয়েছেন। আসামির কাছ থেকে পাওয়া তথ্যগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।
মামলার বিবরণ ও খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মেজর (অব.) আখতারুজ্জামান। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হেনস্তার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গত শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ার পর আজ তাকে ফের আদালতে তোলা হয়।