টানা বৃষ্টি আরও দুই দিন, মঙ্গলবার থেকে কমতে পারে তীব্রতা
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ
১২ জুলাই ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলমান টানা বৃষ্টিপাত আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গত ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবুও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
তিনি আরও জানান, রোববার ও সোমবার দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
এদিকে টানা বৃষ্টির ফলে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটির তথ্যমতে, চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে রংপুর অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বাইরে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার জন্যও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।