
আইন ও আদালত
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট
নিউজ ডেস্ক আদালত বার্তা: ০৯ আগস্ট, ২০২৬
অন্য বেঞ্চে মামলা তালিকাভুক্তির বিষয় গোপন করার ঘটনায় এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
রোববার (৯ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।
আদেশের পর সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না বলেন, আজ বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চের ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নং–৫০৮১১) আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল।
তবে শুনানির আগেই জানতে পারি যে, মামলাটি এর আগেও শুনানি করা হয়েছে। এই মামলাটি এর আগে হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে শুনানি হয়েছে; সেই তথ্য এখানে গোপন করে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে।
আজ শুনানিকালে পূর্ববর্তী শুনানির বিষয়টি যে গোপন রাখা হয়েছে, তা আমি আদালতকে অবহিত করি।
বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।
কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।
পরবর্তীতে আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন
এবং আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
আদেশের বিষয়ে অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।