
ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা
‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
নিউজ ডেস্ক, আদালত বার্তা | ৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতের ভিসা প্রত্যাশীদের, বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের, দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, কিছু দালাল ও অননুমোদিত ব্যক্তি ‘গ্যারান্টিযুক্ত ভিসা’, ‘দ্রুত প্রসেসিং’ এবং ‘কনফার্ম স্লট’ দেওয়ার মতো বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
হাইকমিশন সতর্ক করে বলেছে, এসব প্রতারণার ফাঁদে পা দিলে আবেদনকারীর অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি
ভিসা পাওয়ার সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ কারণে কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার জন্য আবেদনকারীদের প্রতি কঠোরভাবে সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষ করে ট্রানজিট ভিসার ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করে সরাসরি নির্ধারিত ও সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভিসা সংক্রান্ত যেকোনো কার্যক্রমে আবেদনকারীদের তথ্যের সত্যতা যাচাই, ব্যক্তিগত নথির নিরাপত্তা নিশ্চিত এবং অননুমোদিত ব্যক্তির প্রলোভন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
সংশ্লিষ্টদের মতে, ভিসা প্রক্রিয়ায় দালালনির্ভরতা কমিয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ করাই প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি এড়ানোর সবচেয়ে নিরাপদ উপায়।