
অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
নিউজ ডেস্ক, আদালত বার্তা | ১৫ সেপ্টেম্বর ২০২৬
গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনস্বার্থে দায়ের করা এক
রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে, এসব অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও পেজের মাধ্যমে গুজব ছড়ানো রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে তিনি অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়েছিলেন।