শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট সম্পাদকীয় ​সাংবাদিকতা হোক স্বচ্ছ পানির মতো ভিসা প্রক্রিয়ায় বড় সংস্কার ভারতের: ‘ট্যুরিস্ট ভিসা’র বদলে আসছে ‘ভিজিটর ভিসা’, কমছে কাগজপত্রের ঝামেলা শেখ হাসিনার আপিলের সুযোগ ও আইনি জটিলতা: আবুল কালাম আজাদের মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের ৬০০ বছর আগেই বাংলাদেশে ইসলামের আগমন; সাক্ষী লালমনিরহাটের ৬৯ হিজরির প্রাচীন মসজিদ ঢাকা-কক্সবাজার রেলপথের তিন বছর: বদলে গেছে পর্যটন ও যোগাযোগের চিত্র সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ

ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকাকে বন্যার ঝুঁকি থেকে রক্ষায় কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

​আদালত বার্তা প্রতিবেদক, ঢাকা:১৩ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জকে ভয়াবহ বন্যা এবং স্থায়ী জলাবদ্ধতার ঝুঁকি থেকে রক্ষার স্বার্থে ‘কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল’-এর জন্য জমি অধিগ্রহণ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ১৬১৪১/২০২৬) দায়ের করা হয়েছে।

​গত বুধবার (১১ নভেম্বর) কেরানীগঞ্জের পশ্চিম সোনাকান্দা এলাকার চার বাসিন্দা—আব্দুল মতিন, মজিবর রহমান, রুফিজা বেগম ও পিয়ার আলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) রিটটি দায়ের করেন। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী জাহাঙ্গীর আলম জসিম। শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

​রিটে মন্ত্রিপরিষদ সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

​বন্যা প্রবাহ এলাকা ধ্বংসের শঙ্কা

রিট পিটিশনে উল্লেখ করা হয়েছে, রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী অধিগ্রহণ করা পশ্চিম সোনাকান্দা এলাকার জমিগুলো ‘মূল বন্যা প্রবাহ এলাকা’ (Main Flood Flow Zone), ‘উপ-বন্যা প্রবাহ এলাকা’ (Sub-Flood Flow Zone) এবং প্রাকৃতিক জলাধার হিসেবে সংরক্ষিত। ধলেশ্বরী ও নিকটবর্তী বুড়িগঙ্গা নদীর সঙ্গে সরাসরি সংযুক্ত এসব জলাভূমি ঢাকা মহানগরের পানি নিষ্কাশনের প্রাকৃতিক করিডর হিসেবে কাজ করে।

​আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, এসব এলাকা ভরাট করে শিল্পাঞ্চল গড়ে তোলা হলে ঢাকা ও কেরানীগঞ্জের বৃষ্টির পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হবে। এতে রাজধানী দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়বে, যা নাগরিকদের জীবনের অধিকারের ওপর সরাসরি আঘাত এবং সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থী।

​পাবলিক ট্রাস্ট ডকট্রিন ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ

রিটে ‘পাবলিক ট্রাস্ট ডকট্রিন’ বা জনস্বার্থে সম্পদ সংরক্ষণের নীতি তুলে ধরে বলা হয়েছে, প্রাকৃতিক জলাধার ও বন্যা প্রবাহ এলাকা সংরক্ষণে রাষ্ট্র ট্রাস্টি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। কিন্তু সেই দায়িত্ব পালন না করে নতুন করে উর্বর কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে।

​আবেদনে আরও দাবি করা হয়, এর আগে অধিগ্রহণ করা ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর জমি এবং ২০১৫ সালে অধিগ্রহণ করা ৪০ দশমিক ৩১ একর সরকারি জমি এখনো অব্যবহৃত পড়ে রয়েছে। সেগুলো ব্যবহারের উদ্যোগ না নিয়ে নতুন জমি অধিগ্রহণ করা বেআইনি, এখতিয়ারবহির্ভূত ও রাষ্ট্রীয় অর্থের অপচয়। এ ছাড়া পৈতৃক ভিটেমাটি থেকে স্থানীয়দের উচ্ছেদের এই প্রক্রিয়া সংবিধানের ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।

​রিটের মূল প্রার্থনা ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা

রিট পিটিশনে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ কেন বাতিল ও বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই জমি স্থায়ীভাবে বন্যা প্রবাহ এলাকা হিসেবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

​একই সঙ্গে অন্তর্বর্তীকালীন প্রতিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর পরিকল্পনাবিদ, পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞ এবং স্বাধীন জলপ্রবাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘স্বাধীন উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটি’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এই কমিটি সরেজমিনে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি নিরূপণ করে আদালতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে আবেদনে প্রার্থনা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট