
ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২৭ জুলাই ২০২৬
ঢাকাসহ দেশের সড়কগুলোতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধ, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং যানবাহনের সামনের কাচে ফিটনেস সনদ দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) এক জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
রুলে যানবাহনের সামনের কাচে ফিটনেস সনদ দৃশ্যমানভাবে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।
একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে দ্রুত সাড়াদানকারী দল গঠন, গণপরিবহনে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ভেতরে ও বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বাসকে অবৈধভাবে দোতলা বাসে রূপান্তর রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর নজরদারিও সমানভাবে প্রয়োজন।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান গুরুতর আহত হন। এ ঘটনার পর সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন
রিটে দুর্ঘটনায় আহত ওই আইনজীবীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারি করেছেন আদালত।
এ ছাড়া ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী