

নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তাঃ২৯ আগষ্ট ২০২৬
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে শিগগিরই আসতে যাচ্ছে সুখবর। দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। এই ইউনিটটি সফলভাবে চালু হলে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাঁচার সম্ভাবনা তৈরি হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে বছরে অন্তত ১০০ কোটি ডলার সাশ্রয় হতে পারে। জ্বালানি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতে এটি একটি বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বর্তমানে কেন্দ্রটিতে শেষ পর্যায়ের নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বাড়ানো হবে। সার্বিক প্রস্তুতি শেষে আগামী বছরের শুরুতেই প্রথম ইউনিটটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি অর্থনৈতিকভাবেও বাংলাদেশ এক নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।