
দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা:
ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের প্রস্তাব ও আলোচনা উঠলেও দেশের দলিল নিবন্ধন কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি একটি রেজুলেশন পাস করেছে যে সাব-রেজিস্ট্রি বিভাগ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে। তবে আমরা আইন মন্ত্রণালয় থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছি, আইনি কাঠামোর মধ্যে যেহেতু বিভাগটি এই মন্ত্রণালয়ে রয়েছে, তাই এটি আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।’
নিবন্ধন বিভাগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, দেশের বার্ষিক বাজেট ও রাজস্ব আদায়ে এই বিভাগ অন্যতম প্রধান ভূমিকা পালন করে এবং এটি দেশের দ্বিতীয় বৃহৎ একক রাজস্ব খাত। অথচ সে তুলনায় রেজিস্ট্রেশন বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। এই পরিস্থিতির উত্তরণ ঘটানো জরুরি।
তিনি জানান, সারাদেশে ৬১টি জেলা রেজিস্ট্রার কার্যালয় এবং ৪৯৭টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়। সম্পত্তি হস্তান্তর, বিভিন্ন প্রকার দলিল নিবন্ধন, নিবন্ধিত দলিলের তথ্য সংরক্ষণ এবং রাজস্ব ও কর আদায়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই অধিদপ্তর।
রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই বিভাগের উত্তরণে আমার জায়গা থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপনারা যেসব যৌক্তিক দাবি তুলে ধরেছেন, সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’
তবে সেবার মান নিয়ে জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে কর্মকর্তাদের কঠোর বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, ‘রেজিস্ট্রি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা সুখকর নয়; এই বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা রয়েছে। সীমাবদ্ধতা ও অযোগ্যতা কাটিয়ে এই বিভাগকে কীভাবে আরও গণমুখী করা যায়, সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং জনগণ ভোগান্তির শিকার হলে, তা আপনাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।’