
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করল বার কাউন্সিল: কার্যকর ২০৩০ সাল থেকে
আদালত বার্তা ডেস্ক:২৭অক্টোবর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ (পঁয়ত্রিশ) বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত অবিলম্বে নয়, বরং আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
২৬ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে (স্মারক নং: বা.কা./প্রশাসন/৩৭২২) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের বিগত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভার গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে বর্তমানে এলএল.বি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে এটি প্রয়োগ না করে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদনুযায়ী, উল্লিখিত তারিখ হতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি সংক্রান্ত পরবর্তী যাবতীয় কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এই নির্ধারিত বয়সসীমা কঠোরভাবে অনুসরণ করা হবে।
বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে দেশের আইন অঙ্গনে এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে কার্যকর করার সুযোগ দেওয়ায় বর্তমানে যারা আইন বিষয়ে পড়াশোনা করছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে তালিকাভুক্ত হওয়ার পর্যাপ্ত সুযোগ পাবেন।