
গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তাঃ১১ জুলাই ২০২৬
দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে পুনরায় ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সংগঠনটির অষ্টম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
শনিবার (১১ জুলাই) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে আগামী তিন বছরের জন্য ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের দফতর সম্পাদক অ্যাডভোকেট রাম চন্দ্র দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির দীর্ঘদিনের দুটি বিভক্ত অংশ পুনরায় একত্রিত হয়েছে, যা আইনজীবী সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— ‘আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান পুনর্বহাল’। এসব দাবিকে সামনে রেখে দেশব্যাপী আইনজীবীদের সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা আইনজীবীদের পেশাগত অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মো. ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
উল্লেখ্য, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক লয়ার্স (আইএডিএল)’-এর অধিভুক্ত একটি প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী আইনজীবীদের মধ্যে ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।