
আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি: আইন সচিব
আদালত বার্তা ডেস্ক:১৬ নভেম্বর ২০২৬
আদালত প্রাঙ্গণ ও বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। তিনি বলেছেন, দেশের আদালত ও বিচারকদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিচারকদের নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য সরকারি গাড়ি এবং সার্বক্ষণিক গানম্যানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আইন সচিব।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
শহীদ দুই বিচারকের স্মরণে আয়োজন
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে-এর স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ বক্তব্য দেন।
বক্তারা শহীদ দুই বিচারকের কর্মজীবন, দায়িত্ববোধ ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান।
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
অনুষ্ঠানে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত প্রাঙ্গণে বোমা হামলার ঘটনা তুলে ধরে আদালতের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে সংঘটিত হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি শহীদ দুই বিচারকের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পরিবারের পাশে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ দুই বিচারকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।