

আদালত বার্তা ডেস্ক: ১১ নভেম্বর, ২০২৬
রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে আইনের শাসন, নাগরিকের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা নিশ্চিত হয়েছে—তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ’ (ডিআরপিডব্লিউ)। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, গণপিটুনি, রাজনৈতিক উদ্দেশ্যে গণগ্রেপ্তার এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার ঘাটতির চিত্র তুলে ধরা হয়েছে। এসব ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দূর করতে স্বাধীন তদন্ত ও কার্যকর জবাবদিহি নিশ্চিতের জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি ড. মোল্লা হক প্রস্তুতকৃত ‘বাংলাদেশ ইন ক্রাইসিস: হিউম্যান রাইটস ভায়োলেশনস’ শীর্ষক প্রতিবেদনের ১.২ সংস্করণে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত সময়কালের মানবাধিকার ও আইনি পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
প্রতিবেদনের মূল পর্যবেক্ষণে বলা হয়, ভুক্তভোগীদের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, বিচার ও জবাবদিহির অনুপস্থিতিই এসব অপরাধের পুনরাবৃত্তির প্রধান কারণ।
বিচারহীনতায় গণপিটুনি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা
প্রতিবেদনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পরিসংখ্যান পর্যালোচনা করে জানানো হয়:
আসকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত গণপিটুনিতে অন্তত ২৯৩ জনের মৃত্যু হয়।
২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আসকের হিসাবে ১৭১ জন এবং এইচআরএসএসের হিসাবে ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে গণপিটুনিতে ৩২ জন প্রাণ হারিয়েছেন, যা আগের মাসের তুলনায় ৩৯ শতাংশ বেশি।
সংস্থাটি জানায়, চুরি বা ধর্ম অবমাননার অভিযোগ তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া আইনের শাসন ও সামগ্রিক নাগরিক নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের সুপারিশ করেছে ডিআরপিডব্লিউ।
আসকের তথ্যানুযায়ী, ২০২৫ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ৩৮টি ঘটনা এবং কারা হেফাজতে ১০৭ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।
কানাডাভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (জিসিডিজি) বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত হেফাজতে মৃত্যু বা বিচারবহির্ভূত হত্যার অভিযোগসংবলিত ১০১ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যাদের বড় অংশই রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
প্রতিটি ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর ভূমিকা, চিকিৎসাসেবা ও ময়নাতদন্তের তথ্য স্বাধীনভাবে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
গণগ্রেপ্তার, মামলা ও আইনি অধিকারের লঙ্ঘন
প্রতিবেদনে ফৌজদারি বিচারব্যবস্থার অপব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ জানানো হয়:
পুলিশ সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়।
২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সাবেক ১৩৪ জন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢালাওভাবে হাজারো অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের, দীর্ঘ বিচারপূর্ব আটকাদেশ এবং উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরপরই জেলগেটে পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর প্রবণতার কড়া সমালোচনা করা হয়।
সংগঠনটির সুপারিশ, সুনির্দিষ্ট ও প্রত্যক্ষ তথ্যপ্রমাণ ছাড়া কাউকে আটক রাখা ন্যায়বিচারের পরিপন্থী। একই সঙ্গে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া পেশা থেকে অপসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
সংখ্যালঘু ও নারী-শিশুর নিরাপত্তা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৯৬৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। ডিআরপিডব্লিউর নিজস্ব তথ্যে এই সময়ে সহিংসতা ও হেফাজতে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে।
এইচআরএসএসের তথ্যানুযায়ী, ২০২৫ সালে ৮২৮টি ধর্ষণের ঘটনা ঘটে (যার ৪৭৪টিতে ভুক্তভোগী শিশু)। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আরও ৬৫৭টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়। আসকের তথ্যমতে, ২০২৫ ও ২০২৬ সালের প্রথম আট মাসে মোট ৪৫২ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ডিআরপিডব্লিউর সুপারিশ
আইনের শাসন ও সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে সংস্থাটি বেশ কয়েকটি জরুরি সুপারিশ তুলে ধরেছে:
১. প্রতিটি হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যু এবং গণপিটুনির ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত নিশ্চিত করা।
২. সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ ছাড়া আটক সকল ব্যক্তির অবিলম্বে মুক্তি প্রদান।
৩. কোনো রাজনৈতিক দলের ওপর সামগ্রিক নিষেধাজ্ঞার বদলে ফৌজদারি অপরাধের দায় ব্যক্তিভিত্তিক প্রমাণের মাধ্যমে নির্ধারণ করা।
৪. আন্তর্জাতিক মান অনুযায়ী বিচারপ্রক্রিয়া তদারকির জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের (ওএইচসিএইচআর) কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে অনুমোদন দেওয়া।