বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়? আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি মেট্রোরেলের প্রতিটি যাত্রায় বেঁচে থাকুক সাত জাপানির স্মৃতি উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি? বাইরে থেকে চার্জ ছাড়াই চলবে থ্রি-হুইলার: ঝালকাঠির গোলাম সাঈদ খানের চমকপ্রদ উদ্ভাবন আদালতে আত্মসমর্পণের লক্ষ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি চান শেখ হাসিনা: মন্তব্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিস ভ্রমণের ভিসা আবেদন এখন ঢাকাতেই: কমছে ভোগান্তি ও ব্যয় ঢাকার আদালতে মামলার মূল নথি জালিয়াতির অভিযোগ

১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত

​আদালত প্রতিবেদকঃ১১ নভেম্বর ২০২৬

ঢাকা

​আবেদনকারীর মৃত্যুর প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও তাঁর আইনগত উত্তরাধিকারীদের মামলায় পক্ষভুক্ত (প্রতিস্থাপন) না করায় একটি সিভিল রিভিশন কার্যক্রম ‘অ্যাবেট’ বা অবসিত ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় পূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল খারিজ করা হয়েছে।

​হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, দেওয়ানি কার্যবিধির অর্ডার ২২-এর বিধান সরাসরি সিভিল রিভিশনে প্রযোজ্য না হলেও এর অন্তর্নিহিত মূলনীতি এবং আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (ধারা ১৫১) প্রয়োগ করে প্রয়োজনীয় পক্ষের অনুপস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিচারিক কার্যক্রম চালিয়ে নেওয়া যায় না।

​বিচারপতি মো. আলী রেজার একক হাইকোর্ট বেঞ্চ ‘মো. আবুল কাশেম বনাম মো. বাবুল হোসেন ও অন্যান্য’ (সিভিল রিভিশন নং ৫৩০২/১৯৯৮) মামলায় এ রায় দেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

​মামলার ইতিবৃত্ত

মামলার নথি থেকে জানা যায়, পটুয়াখালীর দশমিনা সহকারী জজ আদালতে ১৯৯০ সালের ১২ নভেম্বর একটি স্বত্ব মোকদ্দমা (টাইটেল স্যুট নং ২০/১৯৯০) দায়ের করা হয়। ১৯৯৪ সালের ১২ জুন সহকারী জজ আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর বাদীপক্ষ টাইটেল আপিল দায়ের করলে ১৯৯৮ সালের ৯ জুলাই আপিল আদালত তা মঞ্জুর করে বাদীর পক্ষে ডিক্রি দেন।

​আপিল আদালতের রায় ও ডিক্রির বিরুদ্ধে বিবাদী মো. আবুল কাশেম হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করেন। ১৯৯৮ সালের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। তবে রিভিশন মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর একমাত্র আবেদনকারী আবুল কাশেম মৃত্যুবরণ করেন। তিনি ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেলেও গত প্রায় ১২ বছরে তাঁর কোনো উত্তরাধিকারী মামলায় পক্ষভুক্ত হতে আদালতে আবেদন করেননি।

​আদালতে শুনানি ও পর্যবেক্ষণ

আদালতে অপর পক্ষের হয়ে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। তিনি যুক্তি তুলে ধরে বলেন, একমাত্র আবেদনকারী মারা যাওয়ার পর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। উত্তরাধিকারীদের এই দীর্ঘ ও ব্যাখ্যাহীন নিষ্ক্রিয়তায় স্পষ্ট যে তাঁরা মামলা পরিচালনায় আগ্রহী নন। এর ফলে ডিক্রি পেয়েও বাদীপক্ষ সুফল ভোগ করতে পারছেন না। তাই রিভিশনটি অ্যাবেট ঘোষণার দাবি জানান তিনি।

​উভয়পক্ষের নথিপত্র পর্যালোচনা শেষে হাইকোর্ট জানান, দেওয়ানি কার্যবিধির অর্ডার ২২, রুল ৩, ৪ ও ১১-এর বিধান সরাসরি রিভিশন কার্যক্রমে প্রযোজ্য নয়—এটি প্রতিষ্ঠিত নীতি। তবে বিচার বিভাগের শৃঙ্খলা ও সুবিচারের স্বার্থে উক্ত বিধানের অন্তর্নিহিত নীতিমালা এবং ধারা ১৫১-এর অধীনে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা সমন্বয় করে প্রয়োগ করা আবশ্যক। কোনো প্রয়োজনীয় পক্ষের উপস্থিতি ছাড়া রিভিশন কার্যক্রম অনির্দিষ্টকাল চলতে পারে না।

​উত্তরাধিকারীদের পক্ষভুক্ত করার ক্ষেত্রে দীর্ঘ ও কারণহীন ব্যর্থতার কারণে সিভিল রিভিশনটি চূড়ান্তভাবে অবসিত ঘোষণা করে নিম্ন আদালতের নথিপত্র অবিলম্বে প্রেরণের নির্দেশ দেন হাইকোর্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট