
আইন পেশায় সফলতার মূলমন্ত্র মেধা, সততা ও পরিশ্রম: নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা:২৮ আগষ্ট ২০২৬
আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা ও জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি কিংবা কোনো ধরনের ‘শর্টকাট’ অবলম্বন করে দ্রুত বিত্তশালী হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপি’র ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি বর্তমানে অত্যন্ত স্বচ্ছ ও কঠোর করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই আইন পেশায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা। তিনি স্মরণ করিয়ে দেন, এনরোলমেন্ট পরীক্ষায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা ‘নেপোটিজম’-এর সুযোগ নেই। এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন, তারা কারো দয়া বা অনুকম্পায় নয়, সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় এ সম্মানজনক অবস্থানে এসেছেন।
আইন পেশায় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন:
দেশে বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও পেশাগত প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে। আইন পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও দক্ষতাভিত্তিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, মেধা, দক্ষতা ও সততার চর্চায় আগামী দিনে আইনজীবী সমাজ রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে।
ইউএপির ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড হিউম্যান রাইটসের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নূর-ই মেডিনা সূরাইয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এ. বাকি খলিলি।
অনুষ্ঠান শেষে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ নবীন আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
