
রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র
আদালতবার্তা প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের খাসকামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪০ থেকে ৫০টি মামলার নথিপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে আদালতের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থী ও সেবাপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নাজির আকাশ নাথ অফিসে এসে বিচারকের খাসকামরা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কক্ষের ভেতরের আগুন নিভে যায়।
ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আদালতের নাজির আকাশ নাথ জানান, সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের খাসকামরায় থাকা প্রায় ৪০ থেকে ৫০টি মামলার নথি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কক্ষে থাকা একটি এসি, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি বুকশেলফ, একটি এক্সিকিউটিভ চেয়ার এবং ওয়াশরুমের সরঞ্জামসহ বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, আগুনের সূত্রপাত নিয়ে আদালতপাড়ায় নানা জল্পনা ও রহস্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে কেউ কেউ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ধারণা করলেও, অনেকের সন্দেহ এটি কোনো পরিকল্পিত অগ্নিসংযোগ বা নাশকতা হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিচারকের খাসকামরার একপাশের একটি জানালা অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। ওই অরক্ষিত জানালা দিয়ে বাইরে থেকে কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে কি না, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় আইনজীবীরা। রাউজান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়্যদ গোলাম সরোয়ার বলেন, “আগুনের ঘটনার পর সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখায় বহু বিচারপ্রার্থী কাজ না সেরেই ফিরে যেতে বাধ্য হয়েছেন।” তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত আদাল
তের স্বাভাবিক কার্যক্রম সচল করার দাবি জানান।