শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সম্পত্তির মালিকানা অর্জিত হয় না; স্বত্ব ঘোষণার মামলা আইনসম্মত নয়: হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ-বহির্গমনে কড়াকড়ি, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক ‘জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট’ সফটওয়্যার চালু করছে সুপ্রিম কোর্ট, ২৯ আদালতে পরীক্ষামূলক ব্যবহার শুরু সমসাময়িক প্রেক্ষাপট ও প্রগতিশীল সমাজের আত্মসমীক্ষা: একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তনের সাংবিধানিক ও ইমিগ্রেশন আইনি ভিত্তি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধসহ চার দফা দাবি অনলাইন এডিটরস ফোরামের

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী

​আদালত বার্তা প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬

​বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধান ও আইনগত কাঠামোয় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ অনুসরণ না করেন, তবে সেই স্বাধীনতার বাস্তব প্রতিফলন ঘটবে না।

​শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

​নবীন বিচারকদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, বিচারিক দায়িত্ব পালনের সময় সব ধরনের চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। একজন বিচারকের সবচেয়ে বড় জবাবদিহি তাঁর নিজের বিবেকের কাছে। এ ক্ষেত্রে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীনভাবে বিচারিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম প্রধান ভিত্তিই হলো বিচারকের ব্যক্তিগত দৃঢ়তা ও নৈতিক অবস্থান।

​বিচারকদের পেশাগত অবস্থান ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। তাই অন্য কোনো পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের তুলনা না করে বিচারিক দায়িত্বের বিশেষ মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করতে হবে।

​এ সময় বিচারকদের নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন আইনমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা এবং আদালতের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাইমা হক। এ ছাড়া আইন মন্ত্রণালয় ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট