
নিউজ ডেক্স আদালত বার্তাঃ২১ আগস্ট ২০২৬
দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ এবং এর নিরাপত্তা নিশ্চিতে চুরি, ভাঙচুর ও নাশকতার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে।
গেজেট অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিদ্যুৎ বা কোনো যন্ত্রাংশ চুরি, চোরাই সরঞ্জাম কেনাবেচা কিংবা অবৈধভাবে হেফাজতে রাখার অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার স্পষ্ট আইনি নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ সংযোগ ও সরকারি বা চুক্তিবদ্ধ কাজে বাধার সৃষ্টি করলেও শাস্তিমূলক ব্যবস্থা প্রযোজ্য হবে।
আইন বাস্তবায়নে নীতিগত সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ‘জাতীয় পলিসি কাউন্সিল’ গঠিত হবে, যার সদস্য থাকবেন অর্থ, আইন ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং জ্যেষ্ঠ সচিবরা।
মাঠপর্যায়ে তদারকি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে গঠিত হবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’, যেখানে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা থাকবেন। এ কমিটি প্রতি তিন মাস পর পর কাউন্সিলের নিকট প্রতিবেদন দেবে। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত কমিটি নিয়মিত কার্যক্রম তদারকি করে প্রতি মাসে জেলা কমিটিতে রিপোর্ট পেশ করবে।
সারগ্রাহী তদারকির অংশ হিসেবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সব প্রকল্পের তথ্য সংরক্ষণ ও সার্বক্ষণিক কার্যকারিতা পর্যবেক্ষণ করবে। জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে নেট-মিটারিং প্রণোদনার পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগই নবায়নযোগ্য জ্বালানি খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।