বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
“শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু: ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণের নতুন মেরুকরণ ১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়? আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি মেট্রোরেলের প্রতিটি যাত্রায় বেঁচে থাকুক সাত জাপানির স্মৃতি উন্নতির দৌড়ে আমরা কি নিজেদের হারিয়ে ফেলছি?

“শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

  • ​“শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়”

সরকারি খাসজমির নিবন্ধিত বন্দোবস্ত বাতিল করতে হলে চুক্তির শর্ত ও আইন মানতে হবে সরকারকে: হাইকোর্ট

​আদালত বার্তা প্রতিবেদক, ঢাকাঃ১২ নভেম্বর ২০২৬

​সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়ার পর যথাযথ আইনগত ভিত্তি ও নিবন্ধিত কবুলিয়তের শর্ত অনুসরণ না করে সরকার ইচ্ছামতো সেই বন্দোবস্ত বাতিল করতে পারে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত স্পষ্ট করেছেন, জমি সরকারি খাসজমি হওয়ায় বন্দোবস্তগ্রহীতা নিরঙ্কুশ মালিকানা অর্জন না করলেও নিবন্ধিত কবুলিয়তের মাধ্যমে তাঁর একটি স্বীকৃত আইনগত স্বার্থ সৃষ্টি হয়। ফলে বৈধ কারণ প্রতিষ্ঠা এবং প্রযোজ্য আইন অনুসরণ ছাড়া ওই স্বার্থ বিলুপ্ত করা যাবে না।

​বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বাধীন হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ‘মলিনা বেগমের আইনগত উত্তরাধিকারী শফিকুল ইসলাম ও অন্যান্য বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ (সিভিল রিভিশন নং ৬৮৭৭/২০২৩) মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। গত ৮ সেপ্টেম্বর ঘোষিত এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার (১১ নভেম্বর, ২০২৬) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রায়ে হাইকোর্ট সরকারের করা বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ও অকার্যকর ঘোষণা করার পাশাপাশি নিম্ন আদালত ও আপিল আদালতের রায় ও ডিক্রি বাতিল করেছেন।

​মামলার পটভূমি

মামলার নথি অনুযায়ী, বাদী ১৯৮৫-৮৬ সালের ১৬ নম্বর বন্দোবস্ত মামলার মাধ্যমে মানিকগঞ্জের ঘিওর এলাকায় সরকারের খাসজমি ৩০ বছরের জন্য লিজ গ্রহণ করেন এবং ১৯৮৬ সালের ২৪ মে নিবন্ধিত কবুলিয়তের মাধ্যমে বন্দোবস্ত সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি জমিতে মাটি ভরাট করে ঘর নির্মাণ করেন এবং পোলট্রি ফিডসহ বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে ব্যবহারের পাশাপাশি নিয়মিত সরকারি খাজনা ও অন্যান্য পাওনা পরিশোধ করে আসছিলেন।

​কিন্তু ১৯৯৪ সালের ৩১ আগস্ট জেলা প্রশাসক ওই বন্দোবস্ত বাতিল করেন এবং একই বছরের ২০ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে জমির ওপর নির্মিত ঘর সরিয়ে নেওয়ার নোটিশ দেন। কোনো পূর্ব নোটিশ ছাড়াই বন্দোবস্ত বাতিল করা হয়েছে এবং জমিটি ঘিওর হাটের অংশ বা হাট সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নয়—এমন অভিযোগ তুলে বাদী স্বত্ব ঘোষণা, বন্দোবস্ত বাতিলের আদেশ অবৈধ ঘোষণা ও স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ১৯৯৪ সালে দেওয়ানি মামলা দায়ের করেন। বিচারিক আদালত ও পরবর্তীতে আপিল আদালত মামলাটি খারিজ করে দিলে বাদীপক্ষ হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করে।

​হাইকোর্টের পর্যবেক্ষণ ও আইনি ব্যাখ্যা

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, মামলার মূল বিবেচ্য বিষয় হলো নিবন্ধিত কবুলিয়ত সম্পাদনের ফলে বাদীর কোনো বিদ্যমান আইনগত স্বার্থ সৃষ্টি হয়েছিল কি না এবং সরকার আইনসম্মতভাবে সেই স্বার্থের অবসান ঘটাতে পেরেছে কি না। এ প্রসঙ্গে আদালত বেশ কয়েকটি আইনি দিক তুলে ধরেন:

  • ​সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ (ধারা ৪২): কোনো সম্পত্তির ওপর আইনগত অধিকার বা স্বার্থের ঘোষণা চাওয়ার ক্ষেত্রে সব সময় নিরঙ্কুশ মালিকানা প্রমাণ করা আবশ্যক নয়। নিবন্ধিত বন্দোবস্তের মাধ্যমে সৃষ্ট বিদ্যমান আইনগত অধিকার বা স্বার্থও ঘোষণার ভিত্তি হতে পারে।
  • ​রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (ধারা ৮১বি): উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত লিজ দলিলের আইনগত কার্যকারিতা উপেক্ষা করে বন্দোবস্তগ্রহীতাকে কেবল অননুমোদিত দখলদার হিসেবে গণ্য করা যায় না।
  • ​সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ (ধারা ১১১(জি) ও ১১৪এ): ইজারার কোনো সুস্পষ্ট শর্ত ভঙ্গের কারণে ইজারা বাতিল করতে হলে লিখিত নোটিশে সুনির্দিষ্ট শর্ত ভঙ্গের বিষয় উল্লেখ করতে হবে এবং সংশোধনযোগ্য লঙ্ঘনের ক্ষেত্রে তা সংশোধনের সুযোগ দিতে হবে।

​আদালত পর্যবেক্ষণে আরও জানান, ১৯৮৬ সালের নিবন্ধিত কবুলিয়তে সরকার যেকোনো সময় বন্দোবস্ত বাতিল করতে পারবে—এমন কোনো শর্ত ছিল না। সরকারের লিখিত জবাবে এমন শর্তের উল্লেখ থাকলেই তা চুক্তির অংশ হয়ে যায় না। কবুলিয়তের ১১ নম্বর শর্ত অনুযায়ী শর্ত ভঙ্গ হলে লিখিত নোটিশ দেওয়ার বিধান থাকলেও সরকার বাদীর বিরুদ্ধে কোনো শর্ত ভঙ্গের প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এছাড়া জমিটি ঘিওর হাট সম্প্রসারণের জন্য প্রয়োজনীয়—সরকারের এমন দাবির বিপরীতে স্থানীয় তদন্ত প্রতিবেদনে জমিটি হাটের বাইরে বলে উল্লেখ রয়েছে, যার বিরুদ্ধে সরকার কোনো আপত্তিও জানায়নি। খাজনা পরিশোধের রসিদ, সেলামি জমার প্রমাণ ও পৃথক জোত খোলার নথি পর্যালোচনায় বাদীর আইনগত স্বার্থ ও দখল প্রমাণিত হয়েছে।

​আদালতের আদেশ

হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে বলেন, ১৯৮৬ সালের ২৪ মে সম্পাদিত ও নিবন্ধিত কবুলিয়তের মাধ্যমে বাদীর জমির ওপর বিদ্যমান আইনগত স্বার্থ সৃষ্টি হয়েছিল। সরকারের বন্দোবস্ত বাতিল ও উচ্ছেদের নোটিশ ওই আইনগত স্বার্থের পরিপন্থী হওয়ায় তা অবৈধ ও অকার্যকর। একই সঙ্গে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া বাদীকে উচ্ছেদ না করার বিষয়ে সরকারের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট