
২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ।
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ১৯ জুন ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুন কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের
ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক চিঠিতে এ আশঙ্কার কথা উল্লেখ করে বলা হয়, বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে। এতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তাদের প্রতিও ক্ষোভ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।