
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:২৩ নভেম্বর ২০২৬
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে এর সীমানার ২০ মিটারের মধ্যে অবস্থিত সব ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত নিরাপত্তা অঙ্গীকারনামা সংগ্রহ করছে পুলিশ। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট থানা-পুলিশ এই উদ্যোগ নিয়েছে। অঙ্গীকারনামাগুলো সংগ্রহের পর পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে।
জানা গেছে, সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা (২০১৩)-এর ৬.১.৬ অনুচ্ছেদ অনুযায়ী, মেট্রোরেল স্থাপনার সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ইমারত ও প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াদের কাছ থেকে এই অঙ্গীকারনামা নেওয়ার বিধান রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর মতিঝিলে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এমন অঙ্গীকারনামা নিয়েছে মতিঝিল থানা-পুলিশ।
অঙ্গীকারনামায় যেসব শর্ত ও দায়িত্ব রয়েছে:
অঙ্গীকারনামায় আরও উল্লেখ করা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা সংশ্লিষ্ট ভবনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবন মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
সংশ্লিষ্টদের বক্তব্য:
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মেট্রোরেলের পাশে অবস্থানের কারণে নাশকতা প্রতিরোধমূলক নিরাপত্তা নিশ্চিত করার মতো দায়িত্ব এখন ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনের ওপর বর্তাচ্ছে। কিন্তু এ ধরনের নিরাপত্তা নিশ্চিত করার মতো দক্ষতা বা জনবল এসব প্রতিষ্ঠানের নেই। বিষয়টি নিয়ে সরকারের নিরাপত্তা বাহিনীকেই বিশেষ পরিকল্পনা নেওয়া উচিত। তবে বর্তমান পরিস্থিতিতে তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা নিরাপত্তা নির্দেশনা জারি করেছেন।
অন্যদিকে, মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি ঠিক অঙ্গীকারনামা নেওয়া নয়; বরং কেপিআইভুক্ত স্থাপনা হিসেবে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এটি করা হচ্ছে। সবার সম্মিলিত সচেতনতার মাধ্যমেই নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।