
ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা
অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি
নিউজ ডেস্ক, আদালত বার্তা | ৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যবসার স্বপ্ন আছে, কিন্তু পুঁজি নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
উপজেলা পর্যায়ে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হচ্ছে ‘উদ্যোগ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের তফসিলি ব্যাংকগুলো তাদের শাখা নেটওয়ার্কের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঋণ-অনুদানের বিশেষ সুবিধা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচিত উদ্যোক্তাদের প্রকৃত চাহিদা ও ব্যবসায়িক সম্ভাব্যতা যাচাই করে সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। এর ৫০ শতাংশ হবে ব্যাংক ঋণ এবং ৫০ শতাংশ অনুদান।
গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকৃত হলে ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে নতুন ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে আবেদনের শেষ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং যারা সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা, তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর পূর্বে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করার সুযোগ থাকবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, প্রযুক্তি ও অন্যান্য বৈধ ব্যবসায়িক উদ্যোগকে কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
আবেদনের জন্য কোনো ফি লাগবে না। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন করা যাবে।
আবেদন শুরু হবে সেপ্টেম্বরের পর
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার প্রকাশের পরবর্তী এক মাস আবেদন করার সুযোগ থাকবে।
প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা—এ কর্মসূচি চালু করা হবে। এসব জেলার মোট ৬৪টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে প্রাথমিকভাবে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বছরে ৫ হাজার উদ্যোক্তাকে সহায়তার পরিকল্পনা
বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ধারাবাহিকভাবে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তবে ‘উদ্যোগ’ কর্মসূচি শুধু অর্থায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নির্বাচিত উদ্যোক্তাদের জন্য থাকবে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের মাধ্যমে পরামর্শ, ব্যবসা নিবন্ধনে সহায়তা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরির সহযোগিতা এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, একটি সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ফলে উপজেলা পর্যায়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ নতুন ব্যবসা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।